মিরপুরের আকাশে মেঘ, বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকায় বৃষ্টির আভাস দেওয়া হয়েছিল। তবে বাস্তবিক চিত্র ছিল ভিন্ন। সকাল থেকেই ঢাকার আকাশ পুড়ছিল সূর্যতাপে। কিন্তু হঠাৎ করেই মিরপুরের আকাশ ঢেকে গেছে মেঘে। যে কারণে ভরদুপুরেও জ্বালানো হয়েছে ফ্লাড লাইট।

আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়েছে। খেলাও গড়িয়েছে মাঠে। তবে সেটি কত সময় চলবে সেটিই এখন বড় প্রশ্ন।

আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, খেলার মাঝে মাঝেই বৃষ্টির শঙ্কা রয়েছে। তাদের তথ্যানুযায়ী, দুপুর আড়াইটার দিকে মিরপুরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেটি চলবে প্রায় সোয়া তিনটা পর্যন্ত।

আশার কথা হলো, এই সময়ে মুষলধারে নয় হালকা বৃষ্টি হতে পারে। এবং তিনটার পরে আকাশ আবারও পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে ওভার কমিয়ে এনে হলেও ম্যাচের ফলাফল পাওয়া যাবে।

এর আগে গত ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রামে। কিন্তু সেখানে সারাদিন মুষলধারে বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় দ্বিতীয় ম্যাচ। ক্রিকেটাররা মাঠে এলেও টস পর্যন্ত করা যায়নি দ্বিতীয় ম্যাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *