মিরপুরের মাঠে দেখা গেল নতুন এক জিনিস। খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য নিয়ে আসা হয় বিশাল এক মেশিন। আজ সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে দেখা মিলেছে এটির। এটি আসলে নতুন স্পিন বোলিং মেশিন।
নতুন এই বোলিং মেশিনের নাম ‘মার্লিন বাই বোলা।’ সচরাচর ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে এর ব্যবহার বেশি হয়ে থাকে। অফস্পিন, লেগস্পিন এবং আর্মার— তিন ধরনের বল খেলা যায় এটি দিয়ে।
এছাড়া বলের লেন্থ পরিবর্তন করা, পেস বাড়ানো-কমানো যায় কাজ করা যাবে এই মেশিনে। ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায় এটি। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ১০ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে মেশিনটি। কিছুদিন আগে অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।
বিশেষায়িত স্পিনারদের বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিতে বড় ভূমিকা রাখবে এই যন্ত্র। স্পিন বোলিংয়ের নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করতে হলে এখানে ধারাবাহিকভাবে কাজ করা যাবে বলে মনে করেন নাফীস।
ব্যাটাররা এই মেশিন দিয়ে কোন কোন বল খেলতে পারবেন জানিয়ে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন ও স্ট্রেইট বল করা যায়। যদি অফস্পিনের কথা চিন্তা করেন, ডানহাতি বোলারের জন্য যদি অফস্পিন হয়, বাঁহাতি বোলারের জন্য চায়নাম্যান হবে। লেগ স্পিন যদি চিন্তা করেন, বাঁহাতি বোলারের জন্য অফস্পিন হবে।’