মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৬টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান করে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।
সুজন জানান, জব্দ ডিজেল, গ্যাস সিলিন্ডার ও পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া এই বোট ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা যায়, যা অভিযানের ফলে নস্যাৎ করে দেওয়া হয়েছে।