মিডিয়া এখন আর মিডিয়া নেই, ব্যবসায়িক হাউজের অংশ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।
মির্জা ফখরুল বলেন, ব্যবসাভিত্তিক নয়, গণমাধ্যমকে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
এসময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি। গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যম অন্ধকার সময়ে প্রবেশ করেছিল। সেখান থেকে গণমাধ্যমকে মুক্ত করার উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে প্রতিষ্ঠিত করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। একই সঙ্গে খাল খনন, কৃষির সম্প্রসারণ এবং উৎপাদনমুখী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
এসএন/কে