মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন আর নেই

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা রেভারেন্ড জেসি লুইস জ্যাকসন সিনিয়র (৮৪) মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এক বিবৃতিতে তার পরিবার এ তথ্য নিশ্চিত করে জানায়, তিনি ‘শান্তিপূর্ণভাবে’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গত বছর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২০২৫ সালের এপ্রিলে তার ‘প্রগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি’ (পিএসপি) নামের একটি বিরল স্নায়ুবিক রোগ ধরা পড়ে। এর আগে ২০১৫ সালে তিনি পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

১৯৪১ সালে সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে জন্ম নেওয়া জ্যাকসন তরুণ বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬০-এর দশকে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বাধীন সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৮ সালে কিং আততায়ীর গুলিতে নিহত হওয়ার সময় জ্যাকসন তার সঙ্গেই ছিলেন।

তিনি ১৯৮৪ ও ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সামাজিক ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন ‘রেইনবো পুশ কোয়ালিশন’-এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। জ্যাকসনের মৃত্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ‘একজন সত্যিকারের মহীরুহ’ হিসেবে আখ্যা দেন। ওবামা বলেন, জ্যাকসনের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন প্রচারই তার নিজের রাজনৈতিক যাত্রার ভিত্তি গড়ে দিয়েছিল।

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা তার বন্ধু ছিলাম। তিনি মানব মর্যাদার পক্ষে লড়েছেন এবং অসংখ্য মানুষের জীবনে সুযোগ সৃষ্টি করেছেন।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শোক প্রকাশ করে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, ব্যক্তিত্ব ও সাহসে ভরপুর। নাগরিক অধিকার নেতা আল শার্পটন বলেন, তিনি আমাদের শিখিয়েছেন আমরা গুরুত্বপূর্ণ—আমাদের আশা বাঁচিয়ে রাখতে হবে। কিংয়ের কন্যা বার্নিস কিং বলেন, জ্যাকসন তার জীবন উৎসর্গ করেছিলেন প্রান্তিক ও দরিদ্র মানুষের উন্নয়নে।

জেসি জ্যাকসন স্ত্রী জ্যাকলিন ও ছয় সন্তান রেখে গেছেন। তার ছেলে জেসি জ্যাকসন জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *