মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একফ্রেমে? ভাইরাল ছবির নেপথ্যে আসল রহস্য

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয় দুই ইন্ডাস্ট্রির দুই মহাতারকাকে একফ্রেমে দেখে গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, মান্নার কাঁধে হাত রেখে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছে রহস্য। এটি কি দুই দশকের পুরনো কোনো বাস্তব স্মৃতি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজি, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের একাংশ মনে করছেন, ছবিটি বাস্তব হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর নেপথ্যে তারা যৌক্তিক কারণও তুলে ধরেছেন। ২০০৩-০৪ সালের দিকে নায়ক মান্না অভিনীত বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ে সম্পন্ন হতো। বিশেষ করে তৎকালীন সময়ের নামী প্রতিষ্ঠান ‘প্রসাদ ল্যাব’ ও ‘এভিএম স্টুডিও’তে মান্নার নিয়মিত যাতায়াত ছিল। ঠিক একই সময়ে থালাপতি বিজয়ের সিনেমার কাজও চলছিল সেখানে। সেই সূত্রে দুই দেশের দুই শীর্ষ তারকার মধ্যে দেখা হওয়া বা সৌজন্যমূলক ছবি তোলা একেবারেই অসম্ভব নয়।

তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, অনেক আগের ঘটনা হওয়ায় বিষয়টি তার স্পষ্টভাবে মনে নেই। তবে কাজের প্রয়োজনে মান্নার প্রায়ই ভারতে যাতায়াত ছিল বলে তিনি উল্লেখ করেন। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় সাধারণ ভক্ত ও নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

অন্যদিকে, প্রযুক্তিবোদ্ধাদের ধারণা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কাজও হতে পারে। বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে যেকোনো ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। ছবির রেজোলিউশন এবং আলোর বিন্যাস বিশ্লেষণ করে অনেকেই একে প্রযুক্তির কারসাজি বলে দাবি করছেন। তবে এটি বাস্তব নাকি এআই, তা নিয়ে স্পষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি।

ছবিটি যেভাবেই তৈরি হোক না কেন, দুই দেশের সিনেমাপ্রেমীদের মাঝে এটি আলাদা আবেগ তৈরি করেছে। মান্না ও বিজয় দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের তারকা হিসেবে পরিচিত। কেউ বলছেন, মান্না ছিলেন সাধারণ মানুষের নায়ক, তাই তাকে ঘিরে ভক্তদের এই আবেগ চিরন্তন। সব মিলিয়ে  এই দুই তারকার  একফ্রেমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *