শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট কর্তৃক আয়োজিত নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক। আমরা তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করব। যদি নির্মূল করতে নাও পারি অন্তত এর ব্যবহার আর বাড়তে দিব না। মানবসম্পদ ছাড়া আমাদের আর কোনো সম্পদ নেই। মানবসম্পদকে রক্ষা করতে হলে তামাক রোধ করা জরুরি।
আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা (উবিনীগ) এর সহযোগিতায় তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) কর্তৃক আয়োজিত নারী স্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন’ শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, তামাক খেলে ক্ষতি হয় এটা সব মানুষই জানে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। এখানে একজন তামাক সেবন করলে পাশের ১০ জন আক্রান্ত হয়। তামাক রোধের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি, এখন দরকার কার্যকর পদক্ষেপ। আপনাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
মো. নূরুল ইসলাম বলেন, আমরা বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর সঙ্গে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তারা তামাককে নিয়ন্ত্রণ করতে চায় না। তারা বিজ্ঞাপন দেয়—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ অথচ নিচে লেখা থাকে ব্রিটিশ আমেরিকান টোবাকো। তামাক চাষীদের ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার— আপনি কেন তামাক চাষ করবেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন।
মো. নূরুল ইসলাম বলেন, ভয়েজার ১ ও ২ এর মত টেকনোলজি তৈরি হয়েছে ৭০ এর দশকে অথচ এখনও মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় অথচ কোনো চিকিৎসা প্রযুক্তি তৈরি হয় না কেন? এখানে ট্রিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। হার্টের নালির মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘা তৈরি হয়, আমরা এটা পরিষ্কার করতে এখনো পারি না কেন? পৃথিবীতে থাকার জন্য মানুষ মারার ব্যবস্থা এখন মানুষই করে।
চিফ হুইপ বলেন, অনেক সময় নেগেটিভ প্রচারণার রেজাল্ট পজিটিভ হয়। যেমন বাংলাদেশে হিরোইন বা ইয়াবা আসার আগে আমরা যখন ‘অ্যান্টি-হিরোইন’ ক্যাম্পেইন করতাম, তখন কিশোর বয়সে অনেকেই চিন্তা করতো—হিরোইন খেলে আসলে কী হয়? তা একবার খেয়ে দেখা যায়। এভাবে হিরোইনের আসলে এক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তামাকের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেরকম হতে পারে।
চিফ হুইপ বলেন, ২০০৫ সালে তামাক বিরোধী আইন তৈরি হয়েছিল, বিএনপি সরকারের সময়ই টেলিভিশনে তামাকের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। সিগারেটের ক্ষতি, আইনের প্রয়োজনীয়তা ও আপনাদের সহযোগিতা এই তিনটি বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল মানুষ। তিনি দেশের সব মানুষের প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে চিফ হুইপ বলেন, মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মাফ করে দিয়েছে এবং কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে। মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করেছে ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছে। বিশ্বে তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনও তেলের দাম সেভাবে বাড়ানো হয়নি। প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যাতে জ্বালানির দাম না বাড়ানো হয়।
চিফ হুইপ বলেন, আপনারা জানেন পাশের দেশ পাকিস্তানে তেলের দাম ডাবল হয়েছে, শ্রীলঙ্কা বা নেপালে স্কুল বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী বাহুল্য খরচ কমাতে নিজের বহর নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। সংসদে তিনি নির্দেশ দিয়েছেন যাতে এসির টেম্পারেচার ২৫-এর নিচে না নামানো হয়। তিনি নিজের রুমেও অধিক আলো বা এসি ব্যবহার করেন না শুধু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। এসব ভালো কাজের জন্য প্রধানমন্ত্রীকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।
এছাড়া পরিবেশ রক্ষায় সরকার ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে। খালের দুই পাড়ে চন্দন কাঠের মতো মূল্যবান গাছ লাগানো যেতে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক সম্পদ দেবে।