রাজধানীর রামপুরার বনশ্রীর একটি মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থী আব্দুল্লাহর (১০) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শিহাব হোসেনকে ৫ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি শিহাব হোসেনকে হাজির করে ৭ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ১৯ মে সন্ধ্যায় রাজধানীর বনশ্রী এলাকার একটি আবাসিক মাদ্রাসা থেকে আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলার পর তদন্তের অংশ হিসেবে শিহাব হোসেনকে গ্রেপ্তার করা হয়। মামলায় আত্মহত্যায় প্ররোচনা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিহত শিশু আব্দুল্লাহর পরিবারের অভিযোগ, শিশুটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিল এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। এসব অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।