মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৮ জুন) সকাল থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে এই সংঘর্ষ শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে হামিরদী ইউনিয়নে একটি মাদকবিরোধী সমাবেশ আয়োজন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খোকন মিয়াসহ ভাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই সমাবেশকে কেন্দ্র করে এলাকার ছিড়ু মোল্লা, কালাম কাজী, মিরাজ মাতুব্বরের সমর্থকরা গতকাল বিকেলে হামলা চালায় স্থানীয় পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ‌সংঘর্ষে হামিরদী ইউনিয়নের ১১ গ্রাম, অপরদিকে মানিকদী ইউনিয়নের ব্রাহ্মণকান্দি এলাকার লোকজন জড়িয়ে পড়ে। ‌এই সংবাদ লেখা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছিল। ‌

এ বিষয়ে হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. খোকন মিয়া জানান, গতকাল বিকেলে একটি মাদকবিরোধী সমাবেশ হয় ইউনিয়ন পরিষদে। এই মাদকবিরোধী সমাবেশ মেনে নিতে পারেননি এলাকার ছিড়ু মোল্লাসহ তার লোকজন। এ ঘটনার পর গতকাল রাতেই আমাদের এক পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে তারা। আজ সকাল থেকে আবার উভয় পক্ষের লোকজন হামলায় অংশ নেয়। ঘটনায় উভয় পক্ষের ২০ জনের ওপর আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *