মাদক সেবনে বাধা দেওয়ায় হোটেল মালিককে হাতুড়িপেটার অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে লোকমান মৃধা নামে এক হোটেল মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। আহত লোকমান মৃধা ‘হোটেল কুয়াকাটা প্যালেসের’ মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি প্রায়ই ওই হোটেলে ইয়াবা সেবন করতেন। লোকমান মৃধা এতে বারবার আপত্তি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। রোববার সন্ধ্যায় পরিকল্পিতভাবে লোহার রড ও হাতুড়ি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা।

হামলায় লোকমান মৃধার দুটি পা গুরুতরভাবে থেঁতলে দেওয়া হয়েছে ও চারটি দাঁত উপড়ে গেছে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

আহতের মেয়ে সাজেদা বেগম অভিযোগ করেন, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তার বাবাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অভিযুক্ত রাসেল খান ও মিরাজ স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

তবে অভিযুক্ত রাসেল খান মুঠোফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে লোকমান মৃধা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাদের জমি দখল করেছিলেন। ঘটনার দিন তাকে খাবারের কথা বলে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করায় হাতাহাতির ঘটনা ঘটেছে, যা একটি ‘অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা’ মাত্র।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *