ঝালকাঠির রাজাপুরে মাটি কাটার ভেকু মেশিনের (স্কেভেটর) ধাক্কায় মো. সিহাব উদ্দীন (২৮) নামে ব্র্যাকের এক মাঠকর্মীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি খাল খননের কাজে ব্যবহৃত বড় ভেকু মেশিন (স্কেভেটর) রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। ওই সময় সিহাব উদ্দীন মোটরসাইকেলযোগে কর্মস্থল ভান্ডারিয়া থেকে নিজ বাড়ি গৌরনদীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দক্ষিণ রাজাপুর এলাকা অতিক্রম করার সময় আকস্মিকভাবে ভেকু মেশিনের সামনের লোহার বড় হাতাটি (বাকেট) ঘুরে সিহাব উদ্দীনের মাথায় সজোরে আঘাত করে। এতে তার হেলমেট ভেঙে মাথায় গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরপরই ভেকু মেশিনের চালক গাড়িটি রেখে কৌশলে পালিয়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।