কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আনোয়ারা (৫৮)। আহতরা হলেন তাঁদের মেয়ে মারজিয়া খাতুন, জাহাঙ্গীর ও মাহিম। আহত মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।