মঙ্গলবার ৩ জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

আতিকুর রহমান রুমন জানান, শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের উদযাপনে ঢাকার বাইরে এই প্রথম কোনো সরকারপ্রধান সফর করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে প্রথমে রংপুরে যাবেন। এরপর রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। সফরকালে তিনি পুরোহিত ও পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মঙ্গলবার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে করে তিন জেলার সফরে রওনা হবেন।

এর আগে গতকাল রোববার (১৮ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী এলাকার মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে  ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *