ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন : জামায়াত আমির

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন?

আজ শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমন মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, যদি সংসদে এর সমাধান না হয়, তাহলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করে ছাড়ব।

ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে আমরা লজ্জিত। এটা অমানবিক ও অপরাধ। তাদের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে।

দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, গাজা ও ইরানে বর্বরতা চলছে; নিশ্চয় আল্লাহ মজলুমদের বিজয়ী করবেন ইনশাল্লাহ।

এদিকে রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধী দলীয় প্রধান তার সরকারি বাসভবনে আজ বেলা ১১টা থেকে ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করছেন। যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এদিকে বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত জামায়াত আমির রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *