ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৯। স্বল্পমাত্রার হলেও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এই ভূমিকম্প।
গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার।
পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের তিনদিনের মাথায় আবারও ভূমিকম্প। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) উত্তর ভেনেজুয়েলার মারাকায় থেকে ৬১ কিলোমিটার (৩৬ মাইল) উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।
সবশেষ এই ভূমিকম্প নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবারের কম্পন মারাকায় ও কারাকাসে অনুভূত হয়েছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটি এখনও বুধবারের জোড়া শক্তিশালী ভূমিকম্পের ধকল কাটিয়ে উঠতে পারেনি। একটির মাত্রা ছিল ৭.২ এবং অন্যটির ৭.৫। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এসএন/কে