পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের সম্ভাব্য হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। এ ঘটনায় ২০০ জনের বেশি ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর রয়টার্সের।
সোমবার (১৭ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে অমিত শাহ বলেন, গত ১২ আগস্ট ভারতের ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্বাধীনতা দিবসের তিন দিন আগে পরিচালিত এই অভিযানকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।
অমিত শাহ দাবি করেন, মোদি সরকার আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে ধ্বংস করেছে। একই সঙ্গে স্বাধীনতা দিবসের আগে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে। অভিযানে পিস্তল, গুলি, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির চিহ্নযুক্ত গ্রেনেড এবং দেশীয়ভাবে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্রের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী যেসব হামলার জন্য বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়েছে, সেগুলোতে পাকিস্তানের সমর্থনের অভিযোগ ইসলামাবাদ অতীতে বারবার অস্বীকার করেছে।
ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে নিজ নিজ ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগ করে আসছে।
গত বছর জম্মু-কাশ্মীরের পর্যটনকেন্দ্রে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানি হামলাকারীদের দায়ী করে ভারত। এই হামলার জেরে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাত হয়। দুই দেশই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী এবং কাশ্মীর ইস্যুসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কে রয়েছে।