ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধ ড্রেজারবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়া উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ধরখার ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ আসছিল। এরই ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ। অভিযান চলাকালে ছয়টি অবৈধ ড্রেজার মেশিন এবং প্রায় সাত থেকে আট হাজার ফুট পাইপ ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে কৃষি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা আজ বড় ধরনের সরঞ্জাম ধ্বংস করেছি যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। যেহেতু অপরাধীরা পার্শ্ববর্তী উপজেলায় পালিয়ে যায়, তাই ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।