দুই বিশ্বকাপ ধরে হতাশার গল্প। ২০১৮ ও ২০২২ টানা দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। তবে ২০২৬ বিশ্বকাপের শুরুতেই যেন নতুন বার্তা দিলো ইউলিয়ান নাগেলসমানের দল। নবাগত কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি জার্মানি, নতুন রেকর্ডেও নাম লিখিয়েছে তারা।
রোববার (১৪ জুন) হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে গোলবন্যায় ভাসায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছে তারা।
কুরাসাওয়ের বিপক্ষে এই জয়ে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়াল ২৩৯। এতদিন ২৩৮ গোল নিয়ে তালিকার শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক গোলের ব্যবধানে এখন তাদের পেছনে ফেলেছে জার্মানরা।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের গোল ১৫২টি। তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। তাদের গোল সংখ্যা ১৩৬টি। আর পাঁচ নম্বরে রয়েছে এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তাদের গোল সংখ্যা ১২৮টি।
রেকর্ড গড়ার ম্যাচে জার্মানির আক্রমণভাগ ছিল দুর্দান্ত। দলের সাত গোলের পেছনে অবদান রেখেছেন ছয়জন ফুটবলার। ম্যাচের শুরুতে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি। তবে দ্রুতই সমতায় ফেরে কুরাসাও। লিভানো কোমেনেন্সিয়ার গোলে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ক্যারিবীয় দেশটি।
সমতায় ফেরার পর অবশ্য ম্যাচে আর কোনো সুযোগই পায়নি কুরাসাও। প্রথমার্ধেই নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজের গোলে ৩–১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানরা। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ একে একে গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান ৭–১ এ নিয়ে যান হাভার্টজ।