বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচের আয়োজন করছে দলগুলো। ব্রাজিল-আর্জেন্টিনাও সামনে প্রীতি ম্যাচ খেলবে। এর আগে দুঃসংবাদ পেল দুদলই। চোট আঘাত হেনেছে দুই শিবিরে।
হাঁটুর চোটে ব্রাজিল দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডান হাঁটুতে চোট পান আর্সেনালের এই ডিফেন্ডার। তার বদলি হিসেবে কাউকে ডাকেনি ব্রাজিল।
অন্যদিকে, আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুজন। রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিংয়ে চোট পান। রিভার প্লেটের এই খেলোয়াড়ের বিকল্প হিসেবে আছেন রাইটব্যাক নাহুয়েল মলিনা। সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও ছিটকে পড়েছেন চোটে পড়ায়। বালের্দির বদলি লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে ডেকেছেন লিওনেল স্কালোনি।
আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। ৩১ মার্চ অরল্যান্ডোতে লড়াইটা ক্রোয়েশিয়ার সঙ্গে।
বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ জাম্বিয়া।