ব্রহ্মপুত্রের তীরে শিশুদের ব্যতিক্রমী চিত্রাঙ্কন উৎসব

ময়মনসিংহের শিল্প, সংস্কৃতি ও নৈতিক চর্চায় নতুন মাত্রা যোগ করেছেন বিশিষ্ট চিত্রশিল্পী তাপস মজুমদার। ‘আমাদের সন্তানদের মানুষ গড়ার পথে এগিয়ে নেব’ -এই অঙ্গীকার নিয়ে একদল গুণী শিল্পীর উদ্যোগে ব্রহ্মপুত্র নদের পাড়ে শিশুদের জন্য আয়োজন করা হয় একটি ব্যতিক্রমী ছবি আঁকার আসর।

নদের পাড়ের সবুজ পরিবেশ আর শীতল বাতাসে বসে এই আয়োজনে অংশ নেয় ৭ থেকে ১৫ বছর বয়সী প্রায় শতাধিক শিশু। রঙিন তুলি আর কল্পনায় ভর করে তারা মাদুর পেতে বসে, কেউবা শুয়ে এঁকে চলে নদী, গাছপালা আর প্রকৃতির ছবি। চার দেয়ালের বাইরে এমন খোলা পরিবেশে ছবি আঁকার সুযোগ পেয়ে দারুণ খুশি শিশুরা।

শিশুদের সৃজনশীল চিন্তার বিকাশে গান, নাচ বা আবৃত্তির মতোই চিত্রাঙ্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। সন্তানদের এমন একটি সুযোগ করে দিতে পেরে অভিভাবকরাও দারুণ খুশি। তাদের মতে, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের চেয়ে প্রকৃতির সান্নিধ্যে এই চর্চা শিশুদের মানসিক বিকাশে অনেক বেশি কার্যকর।

বিশিষ্ট চিত্রশিল্পী ও এই আয়োজনের মূল উদ্যোক্তা তাপস মজুমদার জানান, তার ভাবনায় আজকের শিক্ষক কোনো ব্যক্তি নন, বরং স্বয়ং ‘প্রকৃতি’। তিনি বলেন, বিনা পয়সায় প্রকৃতি দেখে ছবি আকার এই উদ্যোগ শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভার উন্মেষ ঘটাবে। আমরা চাই পাঠ্যপুস্তকের বাইরে শিল্প ও নৈতিক শিক্ষার সমন্বিত চর্চা গড়ে তুলতে।

হাসান মাসুদ, পরিতোষ তালুকদার ও তাপস মজুমদারের এই মহৎ উদ্যোগটি ইতোমধ্যে ময়মনসিংহের সাংস্কৃতিক মহলে প্রশংসিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, তারা প্রতি মাসে একদিন করে শিশুদের নিয়ে প্রকৃতির কাছে যাবেন। আজ নদীর তীরে তো কাল কোনো গ্রামে- এভাবে একটি সামাজিক আন্দোলনের মতো ছড়িয়ে দিতে চান এই কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *