রাজধানীর কাকরাইলে ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদসহ নোয়াখালীর গুণীজনদের মরণোত্তর ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।
প্রবীণ আইনজীবী, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং নোয়াখালী ৫ আসন থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য ব্যারিস্টার মরহুম মওদুদ আহমেদকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে এ সম্মাননা দেয় ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম।
ফোরামের সভাপতি মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের। ব্যারিস্টার মওদুদ আহমদের পাশাপাশি বাংলাদেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. আবু আহমেদ চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব মোহাম্মদ নুর উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়।
এছাড়া শিক্ষা, সমাজসেবা, অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কবিরহাট উপজেলার বেশ কয়েকজন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাদের মধ্যে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান আবু নাসের মো. আব্দুজ্জাহের, সমাজসেবায় অবদান রাখায় কবিরহাট কেজি অ্যান্ড আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় মানারাত ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য এ টি এম ফজলুল হক, সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য বায়ো ফার্মা লিমিটেড এর চেয়ারম্যান ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখায় চৌধুরী গোলাম মাওলা, মাইজদী আল ফারুক ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মোনায়েম, সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও নির্বাহী পরিচালক মাহবুবুল হক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রাজ্জাকুল হায়দার চৌধুরীকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা সমিতির মো. জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ ফোরামের ডাক্তার মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী জেলা সমিতির এডভোকেট মাইনুদ্দিন, নোয়াখালী ফোরামের প্রতিনিধি মোশাররফ হোসেন, বৃহত্তর নোয়াখালীর সমিতির মনোয়ার হোসেন তৌফিক, ফখরুল ইসলাম মিলন, আনিসুর রহমান, এডভোকেট জাকির হোসেন, হাসনা মওদুদ, মোহাম্মদ ইসমাইল, মাওলানা আবদুল মেনায়েম, চৌধুরী গোলাম মাওলানা, মাহবুবুল হক, এল আর চৌধুরী, এটি এম ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আবু নাসের মো. আবদুজ্জাহের বলেন, নোয়াখালী কবিরহাট উপজেলার অসংখ্য কৃতি সন্তান দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দল-মত নির্বিশেষে তাদের অবদানকে সম্মানের সাথে স্বরণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আশাকরি এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।