ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ায় মিষ্টি বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকারের মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল। প্রথমবার এ আসনে প্রতিমন্ত্রী হওয়ার খবর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনন্দে ভাসছে ভারতীয় সীমান্তবর্তী জেলার পাহাড়ি ও বাঙালি অধ্যুষিত দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ। 

এ আনন্দ শুধু দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলাতেই নয়, তা ছড়িয়ে পড়েছে জেলাব্যাপী।
শপথের ডাক পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদ, মন্দির গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
মন্ত্রিসভায় ডাক পেয়ে কায়সার কামাল বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, নিশ্চয়ই এর প্রতিদান কাজের মাধ্যমেই প্রমাণ হবে। আমি জনগণের জন্য রাজনীতি করি। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি বাঙালি জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তাদের কাছে দেওয়া ওয়াদা যেন আমি রক্ষা করতে পারি, দোয়া চাই আমি যেন সব সময়ই জনগণের সেবক হয়ে থাকতে পারি।’
কায়সার কামাল ধানের শীষ প্রতীকে এক লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ১১ দল মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর চেয়ে ৭০ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
কায়সার কামাল প্রতিমন্ত্রী হওয়ায় এখানকার মানুষের ভূমি সমস্যাসহ নানামুখী সমস্যা সমাধানের স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছে সচেতন মহল। এলাকার শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান এবং নারী উন্নয়নে অবদান রাখবেন বলে প্রত্যাশা এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *