ব্যাংকের যেসব শাখায় লেনদেন করা যাবে আজ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে ১৭ মার্চ থেকে। তবে এই ছুটির মধ্যে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ (১৯ মার্চ) দেশের শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল।

প্রজ্ঞাপন অনুসারে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হয়েছে। ১৮ মার্চ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে যেসব শাখা খোলা রাখা হয়েছে সেগুলো হলো- প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা। ইসলামী ব্যাংক বাংলাদেশ আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।

ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, রংপুর, ধানমণ্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও চালু রেখেছে। এনসিসি ব্যাংক তাদের মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে খোলা রয়েছে। এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চলছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাকশিল্পের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *