ব্যাংকের কর্মশালায় নিজ কর্মীদের অংশগ্রহণে বিধিনিষেধ

স্বার্থের সংঘাত এড়ানোর লক্ষ্যে দেশ-বিদেশে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মশালায় নিজেদের কর্মীদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার (১৩ মে) এক অফিস আদেশে চারটি সিদ্ধান্ত তুলে ধরা হয়।

সিদ্ধান্তে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশ-বিদেশে আয়োজিত কোনো কর্মশালাতে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রশিক্ষণার্থী কিংবা প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের সেবা নেওয়া বা বাংলাদেশ ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ বা সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করতে পারবেন না।

দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনা সভায় মানবসম্পদ বিভাগের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রশিক্ষক বা বক্তা হিসেবে অংশগ্রহণ করতে পারবেন, তবে কোনো সম্মানী নিতে পারবেন না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে সংঘাত হয়, এমন সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে আয়োজক সংস্থার সম্মানির বিনিময়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *