নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে তার স্ত্রী ও সন্তান মিলে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও সন্তান রয়েলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৪ মে) সকালে নিহতের স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে যান। সেখানে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। এর আগে গতকাল রোববার রাতে স্ত্রী ও সন্তানের সাথে রুবেলের ঝগড়া হয়েছিল, যার জেরে তিনি পৃথক একটি ঘরে ঘুমাতে যান বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং মা-ছেলের রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা অধিকতর জিজ্ঞাসাবাদের পর স্পষ্ট হবে।