গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে ট্রাক ও ইজিবাইক পানিতে পড়েছে। আজ রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে একটি বালুবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এ সময় অন্তত পাঁচজন আহত হন। সেতুটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।
খোঁজ নিয়ে যানা যায়, শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকার ব্যস্ততম বেইলি সেতুটি পার হচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক। কিন্তু জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতুটি অতিরিক্ত লোড নিতে না পেরে ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি যখন ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছায় তখনই বিকট শব্দে সেটি ধসে যায়। এ সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি বাইসাইকেল ছিটকে খালের পানিতে পড়ে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় দুর্ঘটনাকবলিতদের।
শহরের প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষ এই পথ দিয়েই জেলা শহরে যাতায়াত করে। বিকল্প হিসেবে লেকপাড়ের রাস্তাটি ব্যবহার করছে গাড়িচালকরা, তবে সংকীর্ণ ও খানাখন্দে ভরা সেই রাস্তাটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তৈরি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।