মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার কাশিপুরে অবস্থিত নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে এ গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (সহকারী পরিচালক) সোহেল আল মুজাহিদ।
এর আগে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।