বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো ধরনের হামলা পাঁচ দিনের জন্য স্থগিত ঘোষণার পর আজ সোমবার (২৩ মার্চ) জ্বালানি তেলের দাম ১৩ শতাংশের বেশি কমেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম প্রায় ১৭ মার্কিন ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে আসে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে আসে।

এর আগে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এ সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে এবং তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যেকোনো ধরনের সামরিক হামলা আগামী পাঁচ দিনের জন্য ‘স্থগিত’ রাখবেন।

এরফলে, আজ সোমবার রাতের মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে তাদের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা করা হবে—নিজের দেওয়া সেই হুমকি থেকে তিনি আপাতত সরে দাঁড়ান। 

হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই পরিবাহিত হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ পথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। অ্যানালিটিক্স ফার্ম ‘কপলার’ এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুদ্ধের আগের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *