বিশ্বকাপের বাকি ৪ দিন

বিশ্বমঞ্চে আপন ভাইদের গোল ও শিরোপা জয়ের কীর্তি

গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র চারদিন। বিশ্বমঞ্চের কাউন্টডাউন যত কমছে, ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও উত্তেজনা ততই বাড়ছে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে কত শত ফুটবলার মাঠে নেমেছেন, গোল করেছেন এবং ইতিহাস গড়েছেন। তবে নিজের রক্তের ভাইয়ের সঙ্গে একই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া, গোল করা কিংবা ট্রফি উঁচিয়ে ধরার অনুভূতিটা একটু অন্যরকম। বিশ্বকাপের শত বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চার জোড়া আপন ভাই গোল করার এই অসাধারণ কীর্তি গড়েছেন।

বিশ্বকাপের মঞ্চে গোল করা ইতিহাসের প্রথম ভাইদের জুটি হলেন ওটমার ওয়াল্টার এবং ফ্রিৎস ওয়াল্টার। ১৯৫৪ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মহাকাব্যিক অভিযানে এই দুই ভাই দলের অন্যতম মূল কারিগর ছিলেন। সেই টুর্নামেন্টে দুজনে মিলে প্রতিপক্ষের জালে মোট ৭টি গোল করেছিলেন।

১৯৭৪ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে টানা দুবার রানার্স-আপ হয়েছিল নেদারল্যান্ডস দল। সেই শক্তিশালী ডাচ স্কোয়াডের অন্যতম প্রধান দুই স্তম্ভ ছিলেন দুই ভাই উইলি ও রেনে ভ্যান ডি কারখফ। তারা দুজনেই ১৯৭৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে জালের দেখা পেয়েছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে গোল করা তৃতীয় ভাইদের জুটি হলেন ব্রাজিলের দুই কিংবদন্তি সক্রেটিস এবং রাই। তবে এই দুই ভাইয়ের গোল করার পেছনে রয়েছে এক অদ্ভুত ও অবিশ্বাস্য ঘটনা। তাদের দুজনেরই বিশ্বকাপ অভিষেক হয়েছিল ব্রাজিলের অধিনায়ক হিসেবে।

কাকতালীয়ভাবে দুইভাই গোলও পেয়েছিলেন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে। আরও আশ্চর্যের বিষয় হলো, দুজনেই গোল করেছিলেন একই প্রতিপক্ষের বিপক্ষে (সক্রেটিস ১৯৮২ সালে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে এবং রাই ১৯৯৪ সালে রাশিয়ার বিপক্ষে) এবং দলকে জয় এনে দিয়েছিলেন।

বিশ্বকাপের মঞ্চে গোল করা সর্বশেষ দুই ভাই হলেন ডেনমার্কের মাইকেল লাউড্রপ এবং ব্রায়ান লাউড্রপ। বড় ভাই মাইকেল ১৯৮৬ এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে ডেনমার্কের হয়ে ১টি করে গোল করেছিলেন। অন্যদিকে ছোট ভাই ব্রায়ান ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে দুইবার লক্ষ্যভেদ করেন।

১৯৯৮ সালের ৩রা জুলাই ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই হাইভোল্টেজ ম্যাচে ব্রায়ান লাউড্রপ সমতাসূচক গোল করে ২-২ ব্যবধানে সমতা আনে। সেই গোল করার পর মাঠে শুয়ে সতীর্থ সোরেন কোল্ডিংয়ের সঙ্গে এক বিখ্যাত পোজ দিয়েছিলেন ব্রায়ান লাউড্রপ, যা ফুটবল ইতিহাসে আজও স্মরণীয়। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ব্রাজিল ৩-২ ব্যবধানে জিতে নেয়।

বিশ্বকাপে গোল করা চার জোড়া ভাইদের জুটির সন্ধান মিললেও, বিশ্বজয়ের ট্রফিটি উঁচিয়ে ধরার রেকর্ড রয়েছে ইতিহাসের মাত্র দুই জোড়া ভাইয়ের।

প্রথম জুটিটি হলো জার্মানির সেই ওয়াল্টার ভাইদ্বয় (ওটমার ও ফ্রিৎস ওয়াল্টার), ১৯৫৪ সালে বিশ্বসেরা হয়েছিলেন তারা। আর দ্বিতীয় জুটিটি হলো ইংল্যান্ডের ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের দুই মহানায়ক— জ্যাক চার্লটন ও ববি চার্লটন। ফুটবল বিশ্বকাপে সহোদরদের এমন যৌথ সাফল্য ও কীর্তি ইতিহাসের পাতায় অনন্য এক অধ্যায় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *