২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরকে স্মরণীয় করে রাখতে তিন দেশেই ভিন্ন ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা।
এছাড়া যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ৪ জুলাই হিউস্টন ও ফিলাডেলফিয়ায় বিশেষ অনুষ্ঠান থাকবে। প্রতিটি আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচের আগে পারফর্ম করার জন্য বিশ্ববরেণ্য শিল্পীদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন পপ কুইন কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কখ্যাত তারকা লিসা।তাদের সঙ্গেই মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
এই অর্জন নিয়ে ডিজে সঞ্জয় বলেন, ‘একজন অভিবাসী সন্তান হিসেবে নিজের ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছানো সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে, যারা বিশ্বাস করে তাদের কণ্ঠস্বর বিশ্বজুড়ে পৌঁছাতে পারে।’
উল্লেখ্য, নিউইয়র্ক টাইমস সঞ্জয়কে বিশ্বের অন্যতম পরিচিত দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
১১ জুন বিশ্বকাপের মূল আসর শুরু হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেখানে পারফর্ম করবে মেক্সিকান রক ব্যান্ড মানা, পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ, গায়িকা বেলিন্দা এবং দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলা।
১২ জুন কানাডার টরন্টোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা।
উদ্বোধনী আয়োজনের বিভিন্ন পর্বে আরও থাকছেন কলম্বিয়ার জে বালভিন, ব্রাজিলের আনিত্তা, ফিলিস্তিনি-চিলিয়ান শিল্পী এলিয়ান্না এবং ফ্রান্সের ভেজেড্রিম।
দর্শকদের আকর্ষণ বাড়াতে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগেই অনুষ্ঠান শুরু হবে। মেক্সিকোর অনুষ্ঠান হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের, আর যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠান হবে ১৩ মিনিট করে।
এসএন/পিডিকে