বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি নরওয়ে! তবে দেশে ফেরার পর যে অভ্যর্থনা পেল আর্লিং হালান্ড ও তার সতীর্থরা, তাতে তাদের দেখে চ্যাম্পিয়ন বলেই মনে হতে পারে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা দলটিকে সোমবার রাজধানী অসলোতে হাজারো সমর্থক বীরের সম্মানেই বরণ করে নিয়েছে।
বিশ্বকাপ অভিযান শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে নরওয়ে দলের বিমানকে আকাশে স্বাগত জানায় দেশটির সামরিক জেট। এরপর অসলোতে অপেক্ষা করছিল রাজকীয় সংবর্ধনা। হাজারো সমর্থকের সঙ্গে উদযাপনে যোগ দেন নরওয়ের রাজপরিবারের সদস্যরাও। যুবরাজ হাকন নিজে ঢোল বাজিয়ে খেলোয়াড়দের স্বাগত জানান। পরে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন হালান্ড, মার্টিন ওডেগার্ডরা!
বিশ্বকাপে নরওয়ের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। তবে সেই বিদায়ের আগে তারা ইতিহাস গড়েছে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট লড়াই করেও ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। তবু এটিই বিশ্বকাপে নরওয়ের সর্বকালের সেরা সাফল্য।
টুর্নামেন্টজুড়ে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন আর্লিং হালান্ড। সাত গোল করে তিনি শুধু নরওয়েকে ইতিহাস গড়তেই সাহায্য করেননি, দেশটির বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলদাতার কীর্তিও গড়েছেন।
তবে দেশে ফেরার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে তার গোল নয়, বরং হাতে থাকা একটি অদ্ভুত বস্তু। বিমান থেকে নামার সময় হালান্ডের হাতে দেখা যায় একটি নকল র্যাকুন, যার মুখে ছিল একটি বোতল! মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পরে রহস্যের জট খুলেছেন হালান্ড নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে র্যাকুনটির ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘এটা আমাকে অনুসরণ করে বাড়ি পর্যন্ত চলে এসেছে।’ সঙ্গে যোগ করেছেন হাসির ইমোজি!
জানা গেছে, এটি কোনো জীবন্ত প্রাণী নয়, বরং যুক্তরাষ্ট্রের ডালাসের ওয়াইল্ড বিল’স ওয়েস্টার্ন স্টোর থেকে কেনা একটি স্মারক পণ্য। বোতল হাতে থাকা এই নকল র্যাকুনটির দাম ৭৫০ মার্কিন ডলার। র্যাকুনের হাতে থাকা বোতলটি তৈরি করা হয়েছে ‘র্যাকুন হুইস্কি’র আদলে। হালান্ড এটি কেনার পরপরই দোকানটির স্টক শেষ হয়ে যায়। নরওয়ের সবচেয়ে বড় ফুটবল তারকার কেনাকাটাকে নিজেদের প্রচারণাতেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
নকল প্রাণী র্যাকুনের পাশাপাশি ভক্তদের নজর কাড়ে হালান্ডের বিলাসবহুল হ্যান্ডব্যাগও। ফ্যাশনপ্রিয় এই স্ট্রাইকারের সংগ্রহে হার্মেস বারকিনের একাধিক ব্যাগ থাকলেও এবার তার হাতে দেখা গেছে ডলচে অ্যান্ড গাবানার একটি বিলাসবহুল মডেল।
বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরতে না পারলেও, ইতিহাস গড়া পারফরম্যান্স আর অসলোর উচ্ছ্বসিত অভ্যর্থনা নিশ্চিত করেছে-এই নরওয়ে দল দেশের ফুটবলে নতুন এক স্বপ্নের সূচনা করে ফিরেছে। আর সেই উদযাপনের মাঝেও নিজের রসবোধ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্লিং হালান্ড!
এসএন/পিডিকে