২০ তারিখের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে দলগুলোকে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও সেই প্রস্তুতি নিচ্ছেন। আপাতত দেশটিতে সবচেয়ে বেশি আলোচনা নেইমার জুনিয়রকে বিশ্বকাপের প্লেনে চড়বেন? আনচেলত্তি তাকে দিয়ে রেখেছেন শর্ত– বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে থাকতে হবে ফুল ফিট।
নেইমার নিজেও সেই প্রচেষ্টাতেই আছেন। প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন শারীরিকভাবে ফুল ফিট থাকার। মাঠে নিজেকে ফিটনেস প্রমাণ করার। সান্তোসের সর্বশেষ ম্যাচে আলো ছড়ানো পারফরম্যান্সে নেইমার যেন দাবি জানিয়ে রাখলেন, আমি যাচ্ছি বিশ্বকাপে।
পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা দল ব্রাগান্তিনোকে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সান্তোস। এই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করেছেন নেইমার। নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন। ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে সান্তোস।
ঘরে মাঠে ব্রাগান্তিনোর বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে সান্তোস। বল দখল কিংবা আক্রমণ– সবদিকেই এগিয়ে ছিল নেইমাররা। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিয়েছে সান্তোস। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিড নেয় সান্তোস। সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর দেওয়া পাসে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন নেইমার। ম্যাচের ৭৬তম মিনিটে দ্বিতীয় গোল পায় সান্তোস। এবার নেইমারের সহযোগিতায় গোল করেন অ্যাডোনিস ফ্রাইয়াস।
এ জয়ে ১৫ রাউন্ড শেষে ১৮ পয়েন্ট সান্তোসের। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে ব্রাগান্তিনো। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিল টপার পালমেইরাসের।