বিশ্বকাপ খেলতে অস্ত্রোপচার করালেন নেইমার

চোটের কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে নেইমার। তবুও ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও ছাড়েননি ব্রাজিলিয়ান এই তারকা। দেশটির বিশ্বকাপ দলে নিজেকে দেখতে সাধ্যমতো সব ধরনের চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড। আর সেই লক্ষ্যেই হাঁটুর পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আবারও অস্ত্রোপচার করিয়েছেন তিনি। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে কোচ কার্লো আনচেলত্তির সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। আনচেলত্তির আমলে তো বটেই, ২০২৩ সালের অক্টোবরের পর থেকেই মূলত জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। দীর্ঘদিন দলের বাইরে থাকায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসছিল।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকাকে নতুন করে ভোগাচ্ছিল হাঁটুর পুরোনো চোট। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতেই ফের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার তার অস্ত্রোপচারে প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে। এটি একটি পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে ক্ষুদ্র টিস্যু ক্ষত দ্রুত সারানো যায়। পাশাপাশি সংযোগস্থলের ক্ষতিগ্রস্থ টিস্যু শক্তিশালী হয়ে ওঠে।

বিশ্বকাপকে কেন্দ্র করেই যে নেইমারের এই নতুন অস্ত্রোপচার, তা স্পষ্ট হয়েছে সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার কথায়। তিনি জানান, ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই এখন নিজের পুরো মনোযোগ দিয়েছেন নেইমার। কুকা বলেন, সে পুনর্বাসন নিয়ে কঠোর পরিশ্রম করছে। নিজের শক্তি ও গতি বাড়াতে প্রতিদিনই দুটি করে সেশন করছে নেইমার।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *