বিশ্ব রেকর্ড গড়ে ক্লোসার পাশে মেসি

লিওনেল মেসি। ছবি : ফিফা

নিজের ষষ্ঠ বিশ্বকাপে পা রেখেই ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে মেসি বুঝিয়ে দিলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তার জাদুকরী পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আর্জেন্টিনা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে ১৭তম মিনিটেই গোলের খাতা খোলেন মেসি। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ২৫ গজ দূর থেকে জোরালো শটে আলজেরিয়ার জালে জড়িয়ে দেন এই মহাতারকা।

প্রথমার্ধের লিড ধরে রেখে বিরতির পর আরও বিধ্বংসী রূপে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। ম্যাচের ৬০তম মিনিটে ম্যাক আলিস্টারের শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান পুরোপুরি ফেরাতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিরতি বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এরপর ৭৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বিশ্বকাপে এটি মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এবং ২০২৬ আসরেরও প্রথম।

এই তিন গোলের সুবাদে বিশ্বকাপের মঞ্চে মেসির গোল সংখ্যা এখন ১৬টি। এর মাধ্যমে তিনি কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের পাশে নাম লেখালেন। এছাড়া আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে গোল সংখ্যা ১২০-এ উন্নীত করলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।

ম্যাচের ৮০তম মিনিটে মেসিকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হয়, ততক্ষণে কানসাস সিটির গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন এই ফুটবল জাদুকরকে। হ্যাটট্রিকের রাতে রেকর্ডবুক তছনছ করে মেসি আবারও প্রমাণ করলেন, কেন তাকে সর্বকালের সেরা বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *