বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের

একসময় টেস্টে বাংলাদেশের সামর্থ্য নিয়ে ছিল দীর্ঘ হতাশা। সেই ছবিটাই যেন দ্রুত বদলে যাচ্ছে। অস্ট্রেলিয়াকে ডারউইনে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে বাংলাদেশ। এবার সামনে আরও বড় স্বপ্ন। আর সেটি হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছিল বাংলাদেশ। সেই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। ‘এএফপি’কে ঢাকায় দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী হাসান মাহমুদ বলেছেন, ‘সামগ্রিক পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলেই আসছে।’

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডানহাতি এই পেসার। ম্যাচে তিনি ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তার বিশ্বাস, এখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও আধিপত্য বিস্তার করার মতো অবস্থায় পৌঁছেছে। হাসানের ভাষায়, ‘পরিবেশটাই এমন যে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য করতে পারে। আগে আমরা টেস্টে আধিপত্য করতে পারিনি। কিন্তু এখন সময় বদলেছে।’

হাসানের মতে, ডারউইনের সেই জয় বাংলাদেশের জন্য আরও বড় সাফল্যের পথে সোপান হয়ে উঠতে পারে। গত দুই বছরে ১৩টি টেস্টের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের হাতে এখনও ছয়টি টেস্ট রয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরও রয়েছে।

হাসানের স্বপ্ন এখন আরও বড়। তিনি বলেছেন, ‘আমরা যদি ঘরের মাঠে চারটি ম্যাচ জিতি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন খেলতে পারবো না? বাংলাদেশের এখন এটাই স্বপ্ন।’

এ বছর ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে সফল সময় কাটানো এই পেসার বাংলাদেশের সাম্প্রতিক উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে মিল থাকায় হাসানকে ডাকা হয় ‘মিনি-ম্যাকগ্রা’ নামে।

তার বিশ্বাস, বাংলাদেশ থেকে নতুন প্রজন্মের দ্রুতগতির বোলার উঠে আসায় দেশের পেস বোলিং নিয়ে বাইরের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, ‘আমরা যখন খেলা শুরু করেছি, তখন থেকেই চিন্তাভাবনাটা বদলে গেছে। এখন তারা বুঝতে পারছে, বাংলাদেশেরও ভালো মানের ফাস্ট বোলার আছে, যারা বিশ্বমানের হতে পারে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি জিততে পারেনি বাংলাদেশ। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫১ রানে জয় পায় অস্ট্রেলিয়া। তাতেও অবশ্য বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন না হাসান। তার বিশ্বাস, সামনে বাংলাদেশের গ্রাফ ঊর্ধ্বমুখীই থাকবে, ‘টেস্ট ক্রিকেটে আমরা কতটা উন্নতি করেছি, সেটা দেখুন। পেস বোলাররা যদি ভালো অবস্থায় থাকে এবং ব্যাটাররা ফর্ম ধরে রাখতে পারে, তাহলে আমরা আরও উঁচু পর্যায়ে যেতে পারবো।’

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *