বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট

একক শিল্পী হিসেবে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে মোট ১০০ সপ্তাহ থাকার মাইলফলক অর্জন করেছেন পপ তারকা টেলর সুইফট। তার অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ টানা দ্বিতীয় সপ্তাহ চার্টের এক নম্বর স্থান ধরে রেখেছে। অ্যালবামটির বর্ধিত সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ প্রকাশের পর এই সাফল্য এসেছে।

এর মধ্য দিয়ে একক শিল্পীদের মধ্যে নিজের রেকর্ড আরও মজবুত করলেন টেলর সুইফট। জীবদ্দশায় এই রেকর্ডের ধারেকাছে পৌঁছানোও অন্য শিল্পীদের জন্য কঠিন হতে পারে।

‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ এর বর্ধিত সংস্করণে যুক্ত হয়েছে চারটি নতুন গান। চার্টের হিসাবের ক্ষেত্রে মূল অ্যালবাম ও বর্ধিত সংস্করণকে একসঙ্গে গণনা করা হয়। ফলে ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নিয়ে সুইফটের শীর্ষে থাকার মোট সময় দাঁড়িয়েছে ১৪ সপ্তাহে।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, একক শিল্পীদের মধ্যে সুইফটের পরেই রয়েছেন এলভিস প্রিসলি। তার অ্যালবামগুলো মোট ৬৭ সপ্তাহ চার্টের শীর্ষে ছিল। জীবিত শিল্পীদের মধ্যে গার্থ ব্রুকস ৫২ সপ্তাহ শীর্ষে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে সব শিল্পীকে বিবেচনায় নিলে সর্বকালের রেকর্ডটি বিটলসের। ব্যান্ডটির অ্যালবামগুলো সম্মিলিতভাবে ১৩২ সপ্তাহ শীর্ষে ছিল।

এদিকে দীর্ঘ বিরতির পর বিলবোর্ড ২০০-এর সেরা দশে ফিরেছে বিটলসের ‘রাবার সোল’। অ্যালবামটি ৫৮ হাজার সমতুল্য অ্যালবাম ইউনিট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পুনঃপ্রকাশ ও রিমাস্টার করা সংস্করণ প্রকাশের সুবাদে অ্যালবামটি ১৯৬৬ সালের এপ্রিলের পর প্রথমবার সেরা দশে জায়গা পেয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রেকের ‘হাবিবতি’, যার বিক্রি ৭১ হাজার ইউনিট। চারটি নতুন গান যুক্ত হওয়ায় অ্যালবামটি ১১৬ নম্বর থেকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ ৬৬ হাজার ইউনিট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এ ছাড়া পঞ্চম স্থানে মর্গান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’, ষষ্ঠ স্থানে এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, সপ্তম স্থানে নোয়া কাহানের ‘দ্য গ্রেট ডিভাইড’, অষ্টম স্থানে অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’ এবং নবম স্থানে নোয়া কাহানের ‘স্টিক সিজন’ রয়েছে।

দশম স্থানে উঠে এসেছে ম্যাক মিলারের ‘দ্য ডিভাইন ফেমিনিন’। অ্যালবামটির দশম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ সংস্করণে যুক্ত হয়েছে তিনটি নতুন গান।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *