বিমানবন্দরে ১৩ আইফোন ও ১ হাজার ৮০২ কার্টুন সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার (১৭ আগস্ট) দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে অভিযান চালিয়ে ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি)। একইসঙ্গে অভিযানে এক হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

আজ সোমবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে এক ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রী ও লাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।

অভিযানে যাত্রী মো. মঈনুর আবেনের কাছ থেকে প্ল‍্যাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টুন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টুন সিগারেটসহ চারটি আইফোন জব্দ  করা হয়।

একই ফ্লাইটের যাত্রী আব্দুল মান্নানের কাছ থেকে প্ল‍্যাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টুন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টুন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। অপর যাত্রী নরুল আলম রিয়াদের কাছ থেকে প্ল‍্যাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টুন ও ইজি ব্র্যান্ডের ৭ কার্টুন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।

দুই নম্বর লাগেজ বেল্টেই মেলে আরও এক হাজার ২০ কার্টুন সিগারেট। অভিযানের সবচেয়ে বড় চমক আসে বিমানবন্দরের দুই নম্বর লাগেজ বেল্টে। একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন লাগেজ থেকে প্ল‍্যাটিনাম ব্র্যান্ডের আরও এক হাজার ২০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে একটিমাত্র ফ্লাইট থেকে জব্দ করা হয়েছে এক হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন।

জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৭৪ লাখ ৮ হাজার টাকা। ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে জব্দ ১৩টি আইফোনের মূল্য প্রায় ১২ লাখ ৩৫ হাজার টাকা এবং ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। ফলে জব্দ করা সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ সর্বমোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *