বিমানবন্দর, রেলস্টেশন, হাসপাতালে ফ্রি ওয়াইফাই দেওয়া হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলো পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াইফাই চালুর কার্যক্রম চলছে।

সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজ হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

সভায় প্রযুক্তি শিক্ষার প্রসার নিয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টোলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহেন আসিফ আসাদ।

সভায় বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ও দীর্ঘসূত্রতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন ও ফ্রি ওয়াইফাই সুবিধা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *