বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং দেশের ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়ে দুপুর আড়াইটার দিকে শেষ হয়। বৈঠক শেষে কার্যালয়ের ফটকে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজা হয়েছে। ব্যবসায়ী নেতারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন। অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে, আর কিছু বিষয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
বিনিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ব্যবসায়ীরা কোথায় বাধার মুখে পড়ছেন, তা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কিছু সমস্যার সমাধান বৈঠকেই করা হয়েছে, বাকিগুলো পরবর্তী আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বৈঠকে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ডিবিএল গ্রুপ, অ্যাপেক্স ফুটওয়্যার, প্রাণ-আরএফএল গ্রুপ, প্যাসিফিক জিন্স গ্রুপ, বে গ্রুপ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, রানার গ্রুপ, রাংগস গ্রুপ ও এসিআইয়ের শীর্ষ নির্বাহীরা।
এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বন্ধ কল-কারখানা চালু করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, যেসব সরকারি ও বেসরকারি কারখানা বন্ধ হয়ে আছে, সেগুলো কীভাবে পুনরায় চালু করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। নতুন প্রকল্পের পাশাপাশি পুরোনো বন্ধ প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জ্বালানি সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মাল্টিলেটারাল সংস্থা থেকে সহায়তা পাওয়া যাচ্ছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেন। সকাল পৌনে ১১টার দিকে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এসএন/পিডিকে