খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরে থেকে তালাবদ্ধ বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুল সংলগ্ন একটি ভবনের নির্মাণ শ্রমিকেরা তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী দিঘলিয়া উপজেলার বাসিন্দা। সে বর্তমানে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ক্লাস শেষে শিক্ষার্থী বাথরুমে প্রবেশ করলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারধর করার পর চেতনানাশক স্প্রে প্রয়োগ করা হলে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে বাথরুমের ভেতর থেকে চিৎকার শুরু করে। পাশে কাজ করতে থাকা নির্মাণ শ্রমিকেরা চিৎকার শুনে এগিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে তাকে খুলনার ক্লিনিকে স্থানান্তর করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ভুক্তভোগী হামলাকারীদের দেখতে না পাওয়ায় বিস্তারিত কিছু জানাতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।