বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) দিনগত রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাদেমুলসহ কয়েকজন যুবক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর উপ-পিলার ৮ সংলগ্ন সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যান। এসময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পারুয়াবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের শরীরের একাধিক স্থানে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

সাথীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রকৃত ঘটনা জানতে বিজিবি কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *