ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুর ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় বালুর ঘাটের ইজারাদারের কর্মী সারোয়ার জাহান ওরফে বাচ্চুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারধর করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান আনসার ও র্যাব সদস্যরা বালুর ঘাটে গিয়ে ইজারাদার প্রতিষ্ঠান সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চুর সঙ্গে কথা বলেন। একপর্যায়ে বাচ্চুকে থাপ্পড় মারেন ইউএনও। পরে র্যাবের এক সদস্য তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইউএনও র্যাব সদস্যের হাত থেকে লাঠি নিয়ে বাচ্চুকে কয়েকবার আঘাত করেন।
এ বিষয়ে ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, বুধবার ভ্যাম্যমান আদালতের অভিযানের অংশ হিসেবে ঘটনাস্থলে যান তারা। ওই সময় বাচ্চু বালু বিক্রির স্বপক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি তখন দুই হাতে দুই মোবাইল চালনায় ব্যস্ত ছিল। এরপরও তাকে কাগজপত্র দেখাতে বলা হয়। একপর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে।