দীর্ঘ ৪৭ বছর পর বাবার খনন করা ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) নির্ধারিত সময় দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর (দরিয়ারপুর) গ্রামে উপস্থিত হয়ে তিনি এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালের এই খালটির খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। ৪৭ বছর আগে যে খালের মাটিতে কোদাল ছুঁয়েছিলেন বাবা জিয়াউর রহমান, দুই দশক পর আজ ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ছেলে তথা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
খাল পুনঃখননের ফলক উন্মোচন ও কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় উৎসুক জনতার মুখোমুখি হন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। খাল খনন উদ্বোধন শেষে তিনি এখানে বক্তব্য রাখবেন।
এর আগে সকাল থেকে দরিরামপুর এলাকায় খাল খননের পাশের মঞ্চের হাজার হাজার জনতা উপস্থিত হন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা বাহিনীর কয়েকশ সদস্য।
এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের নজরুল একাডেমি ডাকবাংলোতে অবস্থান করবেন। সেখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ শনিবার (২৩ মে) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহের ত্রিশালে এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় থেকে সড়ক পথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। দিনভর নানা কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।