বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে আচ্ছন্ন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জীবনে এমন কঠিন সময়ে দলের মহাতারকার পাশে থাকার বার্তা দিয়েছেন ইন্টার মায়ামির সতীর্থ ফাকুন্দো মুরা ও কোচ গিয়ের্মো হয়োস।
গত শনিবার আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেদিন রাতেই বিমান ধরে রোসারিওতে ছুটে যান মেসি। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেন তিনি। প্রিয় মানুষের এমন চলে যাওয়ার খবরে স্তব্ধ পুরো ইন্টার মায়ামি ড্রেসিংরুম।
মায়ামি ডিফেন্ডার ফাকুন্দো মুরা বলেন, ‘যা ঘটেছে, তাতে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে দূর থেকেই আমরা লিওর পাশে আছি। সে এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। সে যেন অন্তত এটুকু জানে যে, দল ও ক্লাব হিসেবে আমরা সবসময় তার পাশে আছি।’
তিনি আরও যোগ করেন, মেসি যখনই ফিরতে প্রস্তুত হবেন, দল তাকে স্বাগত জানাতে এবং যেকোনো পরিস্থিতিতে সমর্থন দিতে প্রস্তুত।
এদিকে দলের কোচ গিয়ের্মো হয়োসও হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘লিওর ক্ষেত্রে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বেদনার। আমরা সবাই এর প্রভাব অনুভব করছি। জীবন এমন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়, যার জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। ব্যথাটা এত তীব্র যে, অনেক সময় সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও থাকে না।’
মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববারের ম্যাচে এক মিনিট নীরবতা পালন এবং কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল মায়ামি। তবে শোক কাটিয়ে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি কোচ হয়োস।
আগামীকাল ভোরে লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।