বাংলা কিউআরে দৈনিক গড় লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

বাংলা কিউআরের গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে তিন লাখ তিন হাজারের মতো। এই সময়ে দৈনিক গড় লেনদেন ছাড়িয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা। আজ রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক বার্তায় এ তথ্য জানায়।  

বাংলাদেশে বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর চালুর পর এর মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে তিনগুণ। দেশে সব ধরনের কিউআরের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর থেকে এই প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশের সব প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠানে অন্যান্য কিউআরের পরিবর্তে বাংলা কিউআর রাখার বাধ্যবাধকতা কার্যকর হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে এক লাখ ৭৮ হাজার লেনদেন হতো। এসব লেনদেনে প্রতিদিন গড়ে প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকার কেনাকাটা হয়েছিল। তবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে তিন লাখ তিন হাজারে দাঁড়িয়েছে। এই সময়ে দৈনিক গড় লেনদেনের অর্থমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলা কিউআর গ্রহণকারী মার্চেন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ১ জুলাই প্রায় ১৬ লাখ মার্চেন্টের বাংলা কিউআর থাকলেও বর্তমানে এ সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। বাংলা কিউআর ব্যবহারে বেসরকারি ব্যাংকের পাশাপাশি সরকারি ব্যাংকগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *