বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

দেশবরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। 

আজ সোমবার (২৯ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার।  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নেয়া হয়।

গত ১৯ জুন তার স্ত্রী মেরী মনোয়ার জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। পরে গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ দিন চিকিৎসা শেষে ৫ জুন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। বাসায় ফেরার কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আবার অবনতি হলে ১৪ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। 

মেরী মনোয়ার বলেন, ‘বাসায় আসার পর হঠাৎ করেই উনার অক্সিজেন লেভেল কমতে শুরু করে এবং ব্লাড প্রেশার ফল করে। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।’সেখানেই দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেলেন তিনি।

তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, পাপেট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি দেশের শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *