বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট আবারও বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দিলে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এ ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে এই ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে নিবিড় মেরামতের পর গত ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়। তবে চালুর মাত্র ১২ দিনের মাথায় আবারও একই ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় উৎপাদন স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, ত্রুটি শনাক্ত করে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। যান্ত্রিক সমস্যা সমাধান হওয়া মাত্রই ইউনিটটি পুনরায় চালু করে উৎপাদনে ফেরানো হবে।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৩ নম্বর ইউনিটটি চালু রয়েছে, যেখান থেকে জাতীয় গ্রিডে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *