বড় সুখবর পেল বাংলাদেশ

গত বছর থেকে টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করছে বাংলাদেশ। নিজেদের খেলা সর্বশেষ ৭টি সিরিজের মধ্যে ৫টিতেই জিতেছে লিটন দাসের দল। চলতি বছর খেলা প্রথম সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে টাইগাররা। এবার বড় সুখবর পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৫ মে) টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা।

বার্ষিক র‌্যাংকিং নির্ধারণে, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ বিবেচনা করা হয়েছে।

র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ২৪৭ রেটিং পয়েন্ট তাদের। ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্টও ২৫৮।

আইসিসির সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৪। ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট অবশ্য খুব বেশি বাড়েনি। এক পয়েন্ট বেড়ে ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে চলে এসেছে বাংলাদেশ। আট নম্বরে থাকা শ্রীলঙ্কা ৬ রেটিং পয়েন্ট হারিয়ে চলে গেছে নয় নম্বরে। ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে আফগানিস্তান।

আগের মতোই যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে আছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। তবে বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ছয় পয়েন্ট বাড়ায় দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে নেমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *