আসরের সব টুর্নামেন্টই শেষ হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের। এখনও ট্রফিকেসে জমা হয়নি কোনো ট্রফি। শিরোপাহীন আরেকটি মৌসুমের শঙ্কো পেয়ে বসেছে লস ব্লাঙ্কোদের। সামনে এখন একমাত্র বাকি আছে। সেখানেও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।
এর মাঝেই মরার উপর খারার ঘাঁ হয়ে এলো দলের গুরুত্বপূর্ণ দুই তারকার চোট। জানা গেছে, চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে আর মাঠে নামা হচ্ছে না দলটির তুর্কি ফরোয়ার্ড আর্দা গুলার আর ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওেয়ের।
ক্লাবের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চোটের কারণে গুলার ও মিলিতাওকে প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে গুলারের এই সমস্যা দেখা দেয়। পায়ের পেশিতে অস্বস্তির কারণে তুর্কি মিডফিল্ডারকে দলীয় অনুশীলন বাদ দিয়ে জিমে থাকতে হয়। পরে পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষের ঠিক আগে প্রতিপক্ষে চ্যালেঞ্জের সময় হালকা ব্যথা অনুভব করেন মিলিতাও। চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া মিলিতাওকে নিয়ে আশার কথা জানালেও সেটি ফিঁকে হয়ে গেছে। এমআরআই স্ক্যানে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। গত কয়েক মৌসুম ধরে একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। দু’বার এসিএল চোটেই পড়েছেন।
লিগে রিয়াল মাদ্রিদের অবস্থাও ভালো নয়। লিগের আর বাকি আছে ৬ রাউন্ড। এ অবস্থায় ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর ৭৩ পয়েন্ট পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। দুই দলের মধ্যে ৯ পয়েন্টের ব্যবধান।
আগামী ১০ মে ক্যাম্প ন্য়ুয়ে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। ওই ম্যাচেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত হতে পারে বার্সেলোনার।