বজ্রপাতের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ত্রাণমন্ত্রী

হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি উঠেছে জাতীয় সংসদে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওর অঞ্চলসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাত তুলনামূলক বেশি হওয়ায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বজ্রপাতজনিত ক্ষতি মোকাবিলায় সঠিক গবেষণা ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান সংসদ সদস্য কামরুজ্জামান। তার নোটিশের জবাব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রাকৃতিক, আবহাওয়াজনিত ও মানবসৃষ্ট নানা দুর্যোগ ঘটে। হাওর অঞ্চলসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলক বেশি হওয়ায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রীর জবাবের পর কামরুজ্জামান কামরুল হাওড়ে বেশি বজ্রপাতের বিষয়ে বলেন, নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ২০১৭ সালে এই অঞ্চলকে বজ্রপাতের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে। গতকালও বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। মার্চ থেকে মে মাসে বজ্রপাত বেশি হয়। ওই সময়ই হাওরে সবচেয়ে বেশি কাজ থাকে, কারণ মানুষের জীবিকা হাওর-নির্ভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *